ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি নিয়ে এ নির্দেশ দেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট হাসানুল আলম। আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ভোটের ফল প্রকাশের পর ওই আসনের ১৫, ১৭, ২১, ২২, ২৫, ২৬, ২৭, ১১৬, ১১৭, ১২৮ ও ১৩৫ নম্বর কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তোলে নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন দপ্তরে যান বিএনপির প্রার্থী। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত বৃহস্পতিবার (৫ মার্চ) ভোট পুনর্গণনার আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই জয় পায় জামায়াতের প্রার্থীরা। এরমধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল আলিম জয়ী হন। তবে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) দেওয়া হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। একইসঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রিও শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
সূচি অনুযায়ী ৩ মার্চ দেওয়া হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ৪ মার্চ দেওয়া হবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।
ফাইল ছবি
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট আগাম সংগ্রহ করা যাবে। সংগঠনের সেক্রেটারি শুভংকর ঘোষ রাকেশ জানান, আজ সকাল থেকে কাউন্টার ও অনলাইন-দুই মাধ্যমেই টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।
তিনি বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন ও কাউন্টার- উভয় ক্ষেত্রে একই ভাড়া কার্যকর থাকবে। এদিকে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ঈদে দূরপাল্লার বাস পরিচালনা করলেও তাদের অগ্রিম টিকিট বিক্রির সূচি এখনো ঘোষণা করা হয়নি।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকা সেনাবাহিনীকে ‘প্রত্যাহার করা প্রয়োজন’ বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তবে কবে নাগাদ তাদের প্রত্যাহার করা হবে সে বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি সরকারের এই মন্ত্রী।
রোববার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবিঃ সংগৃহীত
নির্বাচিত সরকার দেশ পরিচালনায় দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনীকে কবে মাঠ থেকে প্রত্যাহার করা হবে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “নির্বাচনের ১৫ দিন পর পর্যন্ত মনে হয় তাদের একটা নির্দেশনা ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অনুরোধ ছিল। এটা এখন শেষ হয়ে গেছে সম্ভবত। কিন্তু সরকারের আগের নিদর্শনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে জানা নেই, দেখতে হবে।”
সেনাবাহিনীর নিজস্ব কাজকর্মের কথা তুলে ধরে তিনি বলেন, “তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। কারণ অনেক সমস্যা আছে তাদের ট্রেনিং, ট্রেনিং দিতে পারছে না বা অন্যান্য কোনোখানে সমস্যা আছে। কিন্তু সরকারি দায়িত্ব নেওয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু কী উন্নয়ন হয়েছে, কী করা যায় সেটা একটা সমন্বিতভাবে আমাদেরকে দেখতে হবে।”
তিনি বলেন, “এ মহূর্তে আমি বলতে পারছি না তাদেরকে কবে প্রত্যাহার করা হবে, তবে অবশ্যই সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে থেকে এক সময় প্রত্যাহার করা প্রয়োজন, করতে হবে।”
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে সারাদেশে মোতায়েন ছিল সেনাবাহিনী।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর কারফিউ তোলা হলেও বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনা সদস্যদের মাঠ পর্যায়ে রেখে দেওয়া হয়। পরে যৌথবাহিনী অভিযানেও নামে।
উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় সশস্ত্র বাহিনীকে। পরে নৌ ও বিমান বাহিনীসহ কমিশন কর্মকর্তাদেরও একই ক্ষমতা দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এরপর দফায় দফায় তাদের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়।
এরপর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নির্বাচন কমিশনের অনুরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থাকে সেনাবাহিনী।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের শিশুপল্লী এলাকায় এমসি বাজার-বরমী আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে থানায় জানায়। পুলিশের ধারণা, ওই যুবকের আনুমানিক বয়স ১৯ থেকে ২০ বছর। হত্যার পর দুর্বৃত্তরা মরদেহে আগুন লাগিয়ে চলে যায়।
তেলিহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শরীফ মিয়া বলেন, ‘স্থানীয় একজন আমাকে ফোন করে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে আমি শ্রীপুর থানায় জানাই। তবে মরদেহ পুড়ে ছাই হয়ে যায়নি। মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ ও একটি বিদ্যুৎ বিল উদ্ধার করা হয়েছে।’
তথ্যের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ জানান, ‘যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি একটি নির্জন জঙ্গল এলাকায় চৌরাস্তার কাছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশটি শুকনো পাতা দিয়ে ঢেকে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে পরিচয় শনাক্ত করা না যায়।’
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় বি ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেডে এ ঘটনা ঘটে।
জেলা শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ও প্রশাসনের লোকজনের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল মারতে শুরু করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পোশাক কারখানার মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া। এতে প্রায় ১ হাজার ২০০ শ্রমিক আছেন। এই শ্রমিকদের মধ্যে ৭০–৮০ জনের গত মাসের বেতন বকেয়া আছে। বকেয়া পরিশোধের পর তাঁদের ছাঁটাইয়ের কথা ছিল। এ নিয়ে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে আজ সকাল আটটা থেকে কারখানার ভেতর কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অপেক্ষারত যানবাহন ভাঙচুর করে। ছবি: সংগৃহীত
এই বিক্ষোভ বন্ধে মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বৈঠক করে পুলিশ। বৈঠক থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার সব বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকেরা মালিকপক্ষের প্রস্তাব না মেনে সকাল ১০টা থেকে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা–সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
এর মধ্যে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টার এক পর্যায়ে বেলা সোয়া একটার দিকে শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের মধ্যে ১০ জন আহত হন।
পরে সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ঘটনাস্থলে এসে শিল্প পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির তিনজন শ্রমিক বলেন, তাঁরা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছিলেন। বেলা সোয়া একটার দিকে পুলিশ তাঁদের লাঠিপেটা শুরু করলে তাঁরা ইট-পাটকেল ছুড়তে শুরু করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, পুলিশ-প্রশাসনের লোকজন প্রথমে কারখানার ভেতরে অবস্থান নেয় এবং পরে অতিরিক্ত ফোর্স নিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। শ্রমিকেরা বিক্ষোভ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
এছাড়া জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বইমেলায় এবারের প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। বাংলা একাডেমিতে আজ বেলা ২টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর সবার জন্য মেলার দ্বার খুলবে।
একুশে বইমেলা এবার চলবে ১৫ মার্চ পর্যন্ত, সব মিলিয়ে মোট ১৮ দিন। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার প্রাঙ্গণ খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর মেলায় প্রবেশ করা যাবে না।
বইমেলা | ছবি: সংগৃহীত
বাংলা একাডেমির তথ্যমতে, এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এগুলোর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকবে। মোট ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে। শিশু চত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান। প্রতিদিন বেলা ৩টায় বইমেলার মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।
এ ছাড়া অমর একুশে পালনের অংশ হিসেবে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মেলাকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট’ (আবর্জনামুক্ত) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে পলিথিনমুক্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এখন রমজান মাস হওয়ায় মুসল্লিদের জন্য সুরা তারাবি নামাজের ব্যবস্থাও থাকবে।
মেলা নিয়ে নিরাপত্তাব্যবস্থা
এদিকে বইমেলাকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। এতে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, বইমেলায় ‘মব’ এর কোনো আশঙ্কা নেই। অন্তর্বর্তী সরকারের সময় ‘মব’ এর অনেক ঘটনা ঘটে। গত বইমেলাতেও মব সৃষ্টি করা হয়েছিল। এ কথা উল্লেখ করে এবারের বইমেলায়ও নিরাপত্তা ঝুঁকি ও মবের শঙ্কা আছে কি না সাংবাদিকেরা তা জানতে চেয়েছিলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার জবাবে বলেন, ‘এবার বইমেলা ঘিরে কোনো আশঙ্কা নেই। তারপরও আমাদের যথাযথ ব্যবস্থা আছে। এখন পর্যন্ত মবের কোনো আশঙ্কা নেই, তবু আমাদের প্রস্তুতি রয়েছে।’
বইমেলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্য এলাকায় ভারী যান চলাচল বন্ধ থাকবে। টিএসসি-দোয়েল চত্বর সড়ক প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে এবং তিন নেতার মাজার পর্যন্ত ব্যারিকেড থাকবে। দর্শনার্থীদের গাড়ির জন্য মুহসীন হল মাঠ, ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী
দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক-২০২৬ তুলে দেওয়া হবে। আজ বেলা ১১টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীগণ উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে জুলাই–আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে একযোগে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের বিদ্রোহের ঘটনা ঘটে। তবে সবচেয়ে ভয়াবহ ও নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয় রাজধানী ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন সেদিন। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ। বাংলাদেশের ইতিহাসে এই বিদ্রোহকে অন্যতম নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজনেরা। এ সময় স্বজনদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিজিবি সদস্যদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।
বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদদের স্বজনরা/ছবি: সংগৃহীত
এর আগে সকাল ১০টায় পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তিন বাহিনীর প্রধানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ, চিরভাস্বর। এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এই হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করবো না। অন্তর্বর্তী সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে যে সুপারিশগুলো এসেছে, বিচারাধীন যে মামলাগুলো আছে, এই জুডিশিয়াল প্রসেসগুলো সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শহীদ পরিবারদের বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যেন এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।”
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।