Blog

  • আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ

    আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ

    আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।

    একটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানিয়ে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    ছবি: অর্থ মন্ত্রণালয়

    আরেকটি প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

    মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে তিনি আইসিএমএবি থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি এফসিএমএ লাভ করেন।

    মোস্তাকুর রহমান একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। তৈরি পোশাক ছাড়াও আবাসন খাতে তাঁর ব্যবসা রয়েছে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে আর্থিক খাতে সুশাসন নিয়ে কাজ করছেন। বিশেষ করে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজের অভিজ্ঞতা আছে তাঁর।

    মোস্তাকুর রহমান তৈরি পোশাকের মালিকদের সংগঠন বিজিএমইএ, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), ঢাকা চেম্বারের সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি কাজ করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

    ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হলো। তাঁর স্থলে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো।

  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন

    ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন

    পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) দুপুর সাড়ে ১২টার দিকে অব্যাহতিপত্রে সই করে পুলিশ সদরদফতরে পাঠিয়েছেন তিনি।

    ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী।

    উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

    চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

    গতকাল মঙ্গলবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়। তিনি আজ সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

    প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

    ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনা সামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ।

    সচিবালয়ের এক কর্মচারীর ছেলের অপহরণের কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় সেই ছেলেকে (ডানে)। ছবি: সংগৃহীত

    পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি বলেন, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ ব্যক্তি তাকে আটকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা চায় অপহরণকারীরা। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেয় তারা।

    ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন।

    এরপর অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল সেই নম্বর নিয়ে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। রমনার ডিসি বলেন, ‘কোন নম্বরে টাকা পাঠানো হবে তাদের কাছে সেই নম্বর চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে বিলম্ব করছিল। কিছুক্ষণ দর কষাকষিও চলে। একপর্যায়ে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট ভবনে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে।  তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী শিশু অপহরণের খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন।

  • সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

    সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

    আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গতকালের ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং যারা অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, তাদের মধ্যে আরও দুই-তিনজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।  তবে প্রত্যাহার করা পুলিশ সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি।

    এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন কয়েকজন পুলিশ সদস্য। সেসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

    এদিকে, এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে এর সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত

    তারা ডিসি মাসুদ আলমকে অপসারণ, হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ক্যাম্পাস ও শহরে অনাকাঙ্ক্ষিত পুলিশি কার্যক্রম বন্ধ এবং একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান। 

  • বিয়ের প্রলোভনে ধর্ষণ অভিযোগের মামলায় গ্রেপ্তার হিরো আলম

    বিয়ের প্রলোভনে ধর্ষণ অভিযোগের মামলায় গ্রেপ্তার হিরো আলম

    আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এ হাজির করা হলে আদালত পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, দীর্ঘদিন ধরে তার চলাফেরার ওপর নজর রাখা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাঝিড়া বন্দরের কাছে তার অবস্থান নিশ্চিত হলে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে ব্যারিকেড দেয়। একপর্যায়ে ধাওয়া করে তার গাড়ি থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

    গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক আনোয়ারুল হক এই পরোয়ানা দেন। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিলে বিচারক অভিযোগটি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    মামলার এজাহারে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বিয়ের প্রস্তাব দেন হিরো আলম। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকারের পর গত ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।তদন্ত সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের কিছু সত্যতা মিলেছে বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।